প্রকাশিত: ১০ সেপ্টেম্বার, ২০২৬, ১০:০৩ এ এম

অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ২৮ বছর পর ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

 

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে দীর্ঘ ২৮ বছর ধরে পলাতক থাকা ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ শরিফুল ইসলাম মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার ডিএমপির শেরে বাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ সদর থানার এএসআই মোঃ মামুনুর রশিদ ও সঙ্গীয় এএসআই মোঃ মাহফুজ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ শরিফুল ইসলাম মুকুল ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে। একটি মামলায় আদালত তাকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। এরপর থেকেই তিনি দীর্ঘ ২৮ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে পলাতক জীবনযাপন করছিলেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ঝিনাইদহ সদর থানা পুলিশ। পরে ঢাকার শেরে বাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দীর্ঘদিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন