প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০৮:৪৬ এ এম
অনলাইন সংস্করণ
সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের সুজাপুর এলাকায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইমাম হোসেন মাহিম নামের এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোহাম্মদ তাহসীনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত মাহিমের বাবা জাহাঙ্গীর আলম মিন্টু।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়া-আসার পথে সোনাগাজী বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন একই এলাকার তাহসীন। বিষয়টি জানতে পেরে ছাত্রীর ভাই মাহিম অভিযুক্তের পরিবারের কাছে অভিযোগ করেন। এর জেরে গত মঙ্গলবার রাতে মাহিমকে মারধরের অভিযোগ ওঠে।
পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও বুধবার সন্ধ্যায় সুজাপুরের ফরায়েজী বাড়ির সামনে মাহিমের ওপর ফের হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। এ সময় তাকে মারধরের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মাহিমকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত মাহিমের বাবা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, “আমরা দরিদ্র মানুষ। ঘটনা যাতে বড় না হয়, সে জন্য তাদের কাছে অনুরোধ করেছি। তারপরও আমার ছেলের ওপর হামলা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন