প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ১১:০৬ এ এম

অনলাইন সংস্করণ

মাটি ক্ষয় রোধে আল ফীদ্ দ্বীন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ প্রকল্প উদ্বোধন

 

“একটি গাছ লাগান, একটি প্রাণ বাঁচান, একটি সুন্দর ভবিষ্যৎ গড়ুন”— এই স্লোগানকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজায়নে অবদান রাখতে দেশব্যাপী বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে সামাজিক সংগঠন আল ফীদ্ দ্বীন ফাউন্ডেশন।

রোববার (১৭ মে) সকাল ৮টায় কেরানীগঞ্জ উপজেলার আটি স্কুল জয়নগর মাঠ ও খালপাড় এলাকায় বৃক্ষরোপণ প্রকল্পের উদ্বোধন করা হয়। চলতি বছরে এক হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে এ কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বলেন, “নগরায়নের এই সময়ে পরিবেশের উষ্ণতা রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আল ফীদ্ দ্বীন ফাউন্ডেশন শুধু গাছ লাগানোর আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদে নদী ও খালভাঙন রোধ এবং দূষণমুক্ত অক্সিজেন নিশ্চিত করতে উন্নত জাতের বনজ গাছ বিতরণে গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি প্রকল্পের আওতায় ফলদ গাছের চারাও বিতরণ করা হচ্ছে।”

সংগঠনের মহাসচিব মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, “ইসলামে বৃক্ষরোপণকে সদাকায়ে জারিয়াহ হিসেবে গণ্য করা হয়। সেই ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সামনে রেখে সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “একটি ফলদ গাছ যেমন পরিবেশকে সুন্দর করে, তেমনি মানুষ ও পশুপাখি উপকৃত হলে গাছ রোপণকারীও নিয়মিত সওয়াব লাভ করেন।”

সংগঠনের সদস্য রেজয়ান গাজী জানান, চারা বিতরণ ও পরিচর্যা নিশ্চিত করতে একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মসজিদের ইমাম এবং স্থানীয় স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নদী, খাল ও পুকুরপাড়ে গাছ লাগাতে উৎসাহিত করা হচ্ছে।

তিনি বলেন, “এতে একদিকে যেমন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হবে, অন্যদিকে ভবিষ্যতে স্থানীয় বাসিন্দারাও এসব গাছের সুফল ভোগ করতে পারবেন।”

সংগঠনটি জানিয়েছে, চলতি বর্ষা মৌসুমসহ সারা বছরজুড়েই তাদের এই সবুজায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. শাহীন, মো. মহিউদ্দিন, আফরিন, সাজ্জাদ হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় শিক্ষার্থীরা।

মন্তব্য করুন