প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ১০:১১ এ এম

অনলাইন সংস্করণ

রায়পুরে মাছঘাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে মেঘনা নদীর পাড়ে মাছঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীর হাতের আঙুল কর্তনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাজু মোল্লার মাছঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ও হায়দরগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে গুরুতর জখম মনিরা খাতুনকে চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রাব্বি হোসেন (২২), ফরহাদ হোসেন (২৭), সুমন হোসেন (৩০) ও দেলোয়ার হোসেন (৩২)-সহ আরও কয়েকজনকে রায়পুর ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শফি সরদার ও একই ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ফারুক সরদারের মধ্যে মাছঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শফি সরদার ও মহিউদ্দিন গাজী একপক্ষে অবস্থান নেন। অপরদিকে ফারুক সরদার ও যুবদল নেতা আবুল কালাম আজাদ (বলি) নেতৃত্ব দেন অন্যপক্ষের সমর্থকদের। সংঘর্ষের আগে উভয় পক্ষই মাছঘাট এলাকায় বিপুলসংখ্যক লোকজন নিয়ে অবস্থান নেয়।

শফি উদ্দিন অভিযোগ করেন, ফারুক সরদার, আবুল কালাম আজাদ (বলি) ও তারেক সরদারের নেতৃত্বে বহিরাগত লোকজন অতর্কিত হামলা চালায়। এতে তাদের পক্ষের বেশ কয়েকজন আহত হন।

তবে অভিযোগ অস্বীকার করে ফারুক সরদার বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আমরা যৌথভাবে মাছঘাট পরিচালনা করে আসছি। আজকের ঘটনায় তারা নিজেদের মধ্যে মারামারি করে পরে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।”

অন্যদিকে আবুল কালাম আজাদ (বলি) দাবি করেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, “আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। আমি বরং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি।”

শাহিন মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৭ এপ্রিল একই উপজেলার উত্তর চরবংশী এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্পেনপ্রবাসী সাইজউদ্দিন দেওয়ান ও জসিম উদ্দিন বেপারী নিহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মন্তব্য করুন