প্রকাশিত: ২২ মে, ২০২৬, ০৭:৪১ এ এম

অনলাইন সংস্করণ

“আছিয়া থেকে রামিসা, এই তালিকা আর না” হবিগঞ্জে ফুলকুঁড়ি আসরের মানববন্ধন

 

হবিগঞ্জ প্রতিনিধি :
“আছিয়া থেকে রামিসা... এই তালিকা আর না” স্লোগানকে সামনে রেখে শিশু রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দেশব্যাপী শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) দুপুর ২টায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ফুলকুঁড়ি আসর হবিগঞ্জ জেলা শাখার পরিচালক মো. রাকিব হাসান নয়নের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক তনেক আহমেদ জীবনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আলী ফারহান আহমেদ।

এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন অ্যাডভোকেট নুরুল দরদাস, অ্যাডভোকেট মিঠু চন্দ্র গোপ, অ্যাডভোকেট আজিজুর রহমান রুবেল ও অ্যাডভোকেট পিনাক চন্দ্র দেবনাথ।

বক্তারা বলেন, দেশে শিশু নির্যাতন ও হত্যাকাণ্ড আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আছিয়া থেকে শুরু করে সর্বশেষ রামিসা হত্যাকাণ্ড পর্যন্ত প্রতিটি ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে এবং শিশুরা চরম অনিরাপত্তার মধ্যে পড়বে।

তারা শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজের সচেতন মহলের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে সংগঠনের স্থানীয় সদস্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন