প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬, ০৭:১৮ পিএম

অনলাইন সংস্করণ

নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময়

 

নওগাঁ জেলা প্রতিনিধি: মো. আব্দুস শাকিম
নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলার বদলগাছি উপজেলার কোলা আদর্শ ডিগ্রি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আলোচনায় পুলিশ সুপার বলেন, মাদক মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। এটি মানুষের ভবিষ্যৎ ও সম্ভাবনাকে ধ্বংস করে এবং পরিবার, সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। একই সঙ্গে অপরাধ প্রবণতা বাড়ায়। তাই মাদক প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তারা নিজেরা মাদক থেকে দূরে থেকে সহপাঠীদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে পারে। সঠিক তথ্য প্রচার, বন্ধুদের সতর্ক করা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মাধ্যমে শিক্ষার্থীরা মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কোনো সহপাঠী মাদকের সঙ্গে জড়ালে তাকে সচেতন করা এবং প্রয়োজনে শিক্ষক বা অভিভাবকদের জানানোও তাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, সুস্থ জীবনযাপন, খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত থেকে শিক্ষার্থীরা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে বড় শক্তি হতে পারে। পাশাপাশি সাইবার অপরাধ সম্পর্কেও তাদের সচেতন থাকতে হবে।

মতবিনিময় সভায় কোলা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তাফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাকসুদুর রহমান, বদলগাছি থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমানসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন