প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ১১:১৯ এ এম
অনলাইন সংস্করণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বিএনপির কঠোর সমালোচনা করে বলেছেন, দলটি ‘অক্ষরে অক্ষরে’ সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার উল্টো আচরণ করেছে।
শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সারোয়ার তুষার লিখেছেন, ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি দাবি করে আসছিল যে তারা জুলাই সনদ ‘অক্ষরে অক্ষরে’ বাস্তবায়ন করবে। সেই সনদে প্রস্তাবিত সুপ্রিম কোর্ট সচিবালয় এবং পুলিশ কমিশন গঠনের বিষয়ে নোট অব ডিসেন্ট ছাড়া সম্মতি জানিয়েছিল দলটি।
তবে তিনি অভিযোগ করেন, বাস্তবে বিএনপি দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশই বাতিল করেছে। তার ভাষ্য অনুযায়ী, সুপ্রিম কোর্ট সচিবালয় সংসদে বিল আকারে উত্থাপনের মাধ্যমে কার্যত বাতিল করা হয়েছে। অন্যদিকে, পুলিশ কমিশন সংসদে উত্থাপন না করার মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।
তিনি আরও লেখেন, “আঙুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি। তাদের অক্ষরে অক্ষরে মুনাফেকি।”
সারোয়ার তুষারের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।
মন্তব্য করুন