প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৯:২৪ এ এম
অনলাইন সংস্করণ
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মাদক সেবনের দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার (২০ জুন) রাতে উপজেলার কাশিপুর গ্রামে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ দণ্ডাদেশ দেন। পরে দণ্ডপ্রাপ্ত যুবককে পুলিশ হেফাজতে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত তানভীর আহমেদ শিমুল (২৮) পৌর শহরের চৌবাড়ীয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সামছুল হকের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে তানভীর আহমেদ শিমুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন