প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ১২:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

মাদক নিয়ে এমপির বক্তব্যের প্রতিবাদে ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের বিবৃতি

ছবি: শাহজালাল

শাহজালাল, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের মাদকসংক্রান্ত বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফুলবাড়ী উপজেলা শাখা।

রোববার (৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদী প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি দাবি করে, ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আয়োজিত এক পথসভায় নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের বিরুদ্ধে মাদক ব্যবসার যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক একটি জাতীয় ও সামাজিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিককে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তবে মাদকবিরোধী কর্মসূচিকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা অনভিপ্রেত এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

এতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া অভিযোগ উত্থাপন শুধু সংশ্লিষ্টদের মানহানি করে না, বরং সমাজে বিভ্রান্তি ও অস্থিরতারও সৃষ্টি করে।

ফুলবাড়ী উপজেলা ছাত্রদল দাবি করে, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল বরাবরই মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। তাই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার এবং ভবিষ্যতে প্রমাণ ছাড়া এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

প্রতিবাদী প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রেজাউল ইসলাম (রেজা) এবং সদস্য সচিব শ্রী বিশ্ব চন্দ্র সেন।
 

মন্তব্য করুন