প্রকাশিত: ১৮ সেপ্টেম্বার, ২০২৬, ১২:১৩ পিএম

অনলাইন সংস্করণ

জামিনের পরও আসামি মুক্তি না পাওয়ায় জেল সুপারকে শোকজ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক। ছবি : সংগৃহীত

 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী এক হাজতি আসামিকে উচ্চ আদালত থেকে জামিন দেওয়ার পরও নির্ধারিত সময়ে মুক্তি না দেওয়ায় কারাগারের সিনিয়র জেল সুপারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক এ আদেশ দেন। নোটিশে জামিন পাওয়া আসামিকে কেন মুক্তি দেওয়া হয়নি, তার কারণ জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি দুই কর্মদিবসের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

জামিন পাওয়া ওই আসামির নাম ইলিয়াছ হোসেন। তিনি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারণ সম্পাদক এবং নগরের চকবাজার এলাকার বাসিন্দা।

জানা গেছে, গত ৬ জুন সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক তিনটি মামলায় ইলিয়াছকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী এফ এম আনসার উল্লাহ বলেন, গত ৭ সেপ্টেম্বর নগরের কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় হাইকোর্ট থেকে ইলিয়াছ এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন পান। নিয়ম অনুযায়ী জামিননামার কপি নিম্ন আদালতে দাখিল করা হয়। এরপর গত বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জামিনসংক্রান্ত নথি গ্রহণ করে।

আইনজীবীর দাবি, এরপর ২৪ ঘণ্টা পার হলেও ইলিয়াছকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়নি। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট (পি-ডব্লিউ) বা কাস্টডি ওয়ারেন্ট (সি-ডব্লিউ) মুলতবি ছিল না বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, ‘এক দিনে দুই শতাধিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে কাউকে আটকে রাখার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ইলিয়াছের নথিপত্রে হয়তো কারিগরি কোনো জটিলতা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আদালতে লিখিত জবাব দেওয়া হবে। অনাকাঙ্ক্ষিত কোনো ভুল হয়ে থাকলে আদালতের কাছে ক্ষমা চাওয়া হবে।

মন্তব্য করুন