প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৮:৫৫ এ এম

অনলাইন সংস্করণ

৮ দফা দাবি না মানলে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

ছবি : সংগৃহীত

 


সরকারের কাছে উত্থাপিত আট দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে দাবি বাস্তবায়ন না হলে তা এক দফায় পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান সরকারের প্রতি বিরোধী দলগুলোর উত্থাপিত আট দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। এসব দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ।

এর সঙ্গে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যুক্ত হওয়ায় রংপুর লংমার্চের দাবির সংখ্যা আটটিতে দাঁড়িয়েছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উদ্বোধনী সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লংমার্চের গাড়িবহর রংপুরের উদ্দেশে যাত্রা করার কথা। কর্মসূচির পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পথসভা হওয়ার কথা রয়েছে। রংপুরে জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন