প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনটি সক্রিয় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি থানা এলাকার ‘স্ম্যাশ স্কোয়াড’ (Smash Squad) গ্যাংয়ের অন্যতম দুই সদস্য জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০) রয়েছে। জিসান শহরের তেলিকোনা গোবিন্দ পুকুরপাড় এলাকার জিলানীর ছেলে এবং সাইফুল ইসলাম আড়াইওড়া সমিতিপাড়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।
অন্যদিকে, চৌদ্দগ্রাম থানা এলাকা থেকে ‘১২০৭’ গ্যাংয়ের দুই সক্রিয় সদস্য মো. তারেক হোসেন সৈকত (১৯) ও মো. জাফর আহমদকে (২৩) গ্রেপ্তার করা হয়। তারেক হোসেন সৈকত নলিশ্বর খিরনশাল এলাকার আবদুল মালেকের ছেলে এবং সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য। জাফর আহমদ চৌদ্দগ্রাম কোমারডোগা মধ্যমপাড়া এলাকার মো. আলীর ছেলে।
এছাড়া মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ‘PX 10’ গ্যাংয়ের সদস্য মো. শাকিবকে (১৭) গ্রেপ্তার করে পুলিশ। শাকিব পোমগাঁও মধ্যপাড়া এলাকার তবু মিয়ার ছেলে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, "কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন ইউনিট ও থানা পুলিশ সমন্বিতভাবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে।"
মন্তব্য করুন