প্রকাশিত: ১৯ ঘন্টা আগে, ১১:৫০ এ এম

অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ৫০ মার্কিন ব্যবসায়ী

ছবি : সংগৃহীত

 

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের সম্ভাবনা নিয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি ও ইউএস চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ এশিয়া) রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।

বৈঠকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের সুযোগ, ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও এগিয়ে নিতে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলটি ঢাকা সফরে এসেছে। বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এক পোস্টে প্রতিনিধিদলকে ঢাকায় স্বাগত জানান। তিনি বলেন, জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতের যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো নতুন সম্ভাবনা খুঁজে দেখতে এবং দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশে এসেছে।

এর আগে গত ৩০ জুলাই বাংলাদেশ সফরে আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে সার্জিও গর গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ওষুধ শিল্প ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে এই সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সে সময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের ঢাকা সফরের কথাও জানিয়েছিলেন তিনি।

মন্তব্য করুন