প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:০৭ এ এম

অনলাইন সংস্করণ

সিলেটে বাস দুর্ঘটনায় ৯ মৃত্যু: ঘটনাস্থল পরিদর্শন তদন্ত কমিটির

দুর্ঘটনাকবলিত দুই বাস। ছবি : সংগৃহীত

 

 

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটির সদস্যরা বিভিন্ন তথ্য-প্রমাণ ও আলামত সংগ্রহ করেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান ও সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

তদন্ত কমিটির সদস্য সচিব ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাও তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান। তিনি বলেন, দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে।

এর আগে গত ৭ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২৪ জন যাত্রী আহত হন।

পুলিশ জানিয়েছে, নিহত নয়জনই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর দুই বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় গত ৯ আগস্ট ওসমানীনগর থানায় মামলা করা হয়। দুর্ঘটনার পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দুই বাসেরই রেজিস্ট্রেশন সাময়িকভাবে বাতিল করেছে।

মন্তব্য করুন