প্রকাশিত: ১০ আগষ্ট, ২০২৬, ১০:০২ এ এম
অনলাইন সংস্করণ
যশোরের বেনাপোলে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশনা এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালনা করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) সুজাতউদ্দৌলাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানে নেতৃত্ব দেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকারী দল বেনাপোল-যশোর মহাসড়কের দক্ষিণ পাশে দিঘীরপাড় গ্রামের মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে কবির হোসেনের হার্ডওয়্যার দোকানের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মফিজুর রহমানকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গ্রেপ্তার মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে এর আগে তিনটি মাদক মামলা ও একটি সিআর মামলা রয়েছে।
মন্তব্য করুন