প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:১৫ পিএম

অনলাইন সংস্করণ

অতীতের ভুল নীতির কারণেই আজকের জ্বালানি সংকট: প্রধানমন্ত্রী

ড্যাবের অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

 

 

অতীতে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে অন্যায্য সুবিধা দেওয়া এবং অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের কারণে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত আজ সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক চক্রান্তের মাধ্যমে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা এখনো চলছে। এ জন্য বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকটের কথা সরকার অস্বীকার করছে না জানিয়ে তারেক রহমান বলেন, মানুষ যে দুর্ভোগের মধ্যে রয়েছে, সরকার তা জানে। তবে বর্তমান সংকটের বড় একটি অংশ অতীতের সিদ্ধান্তের উত্তরাধিকার হিসেবে সরকারকে বহন করতে হচ্ছে।

তিনি বলেন, অতীতে মেগা প্রকল্পের নামে একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী মহলকে সুবিধা দেওয়ার যে নীতি অনুসরণ করা হয়েছিল, তার দায় এখন পুরো জাতিকে বহন করতে হচ্ছে। সংকট কাটিয়ে দীর্ঘমেয়াদি সমাধানে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য খাতে নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া দ্রুত ‘ই-হেলথ কার্ড’ চালু এবং উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

পেশাজীবীদের রাজনীতি প্রসঙ্গে

পেশাজীবীদের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষক, শিক্ষার্থী কিংবা অন্য পেশাজীবীদের রাজনৈতিক সচেতনতা বা নিজস্ব মতাদর্শ থাকা অস্বাভাবিক নয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি না করে, সেটিই গুরুত্বপূর্ণ।

৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রচলিত রাজনৈতিক চর্চার বাইরে গিয়ে রাজনীতিতে ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনা এখন সময়ের অন্যতম বড় দাবি।

মন্তব্য করুন