নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়া সদরের এরুলিয়া এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসা দিনমজুরের বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। আজ ভোর আনুমানিক ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজও ভোরের আলো ফোটার আগেই এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফাঁকা সড়কে দিনমজুর ও শ্রমিকদের একটি বাজার বসেছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা শাহ্ ফতেহ আলী পরিবহনের একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন মারা যান এবং অনেকে গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালান। আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঘাতক বাসটিকে শনাক্ত করাসহ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানা গেছে