প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৯:২৩ এ এম

অনলাইন সংস্করণ

বিতর্কের মুখে ইনফান্তিনোকে প্রকাশ্যে সমর্থন দিল আর্জেন্টিনা

ইনফান্তিনোকে প্রকাশ্যে সমর্থন দিল আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত

 

বিশ্বকাপ বয়কটের হুমকি এবং নেতৃত্ব নিয়ে ইউরোপের কয়েকটি দেশের তীব্র সমালোচনার মধ্যেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। গত এক দশকে বিশ্ব ফুটবলের উন্নয়নে তার নেতৃত্বকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার এএফএর সভাপতি ক্লদিও তাপিয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ইনফান্তিনোর নেতৃত্বে ফিফা আরও কার্যকর ও স্থিতিশীল প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে সক্ষম হয়েছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায়ও তার নেতৃত্বের ধারাবাহিকতা প্রয়োজন বলে মনে করছে আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

ফিফার পরবর্তী কংগ্রেসকে সামনে রেখে এএফএ জানিয়েছে, বৈশ্বিক ফুটবলকে আরও অন্তর্ভুক্তিমূলক ও উন্নত পর্যায়ে নিতে ইনফান্তিনোর নেতৃত্বই সবচেয়ে উপযোগী।

তবে ফিফার বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনার বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে এএফএ। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের এই প্রস্তাবকে তারা সমর্থন করেনি।

সংস্থাটির মতে, পরিকল্পনাটি শুরু থেকেই ফুটবল অঙ্গনে আস্থার পরিবর্তে অনিশ্চয়তা সৃষ্টি করেছিল। পরবর্তীতে পরিকল্পনা প্রত্যাহার, সিদ্ধান্ত গ্রহণে ভুল স্বীকার এবং ফিফার ২১১ সদস্য দেশের কাছে ক্ষমা চাওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে এএফএ।

উল্লেখ্য, সদস্য দেশ ও আঞ্চলিক কনফেডারেশনগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা ছাড়াই এই পরিকল্পনা নেওয়ার অভিযোগে ইনফান্তিনো ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এ কারণে উয়েফা তার নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা জানিয়ে ফিফার প্রতিযোগিতা বয়কটের হুমকিও বহাল রেখেছে।

অন্যদিকে, দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলও ফিফার একতরফা সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও পরিকল্পনাটির সমালোচনা করেছে এএফএ, তবু ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে তারা কনমেবলের সামগ্রিক অবস্থান থেকে কিছুটা ভিন্ন বার্তা দিয়েছে।

এর আগে আফ্রিকান ফুটবল কনফেডারেশনও ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছিল। সর্বশেষ আর্জেন্টিনার মতো বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দেশের সমর্থন সংকটময় সময়ে ফিফা সভাপতির অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

মন্তব্য করুন