প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:৪২ পিএম

অনলাইন সংস্করণ

শিঙাড়া-সমুচার প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রদের দিয়ে মিছিল করান যুবলীগ নেতা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে এই মিছিল করান যুবলীগ নেতা সাদ্দাম মুন্সি। ছবি : সংগৃহীত

 

 

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে শিঙাড়া ও সমুচা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কোমলমতি প্রাথমিক শিক্ষার্থীদের দিয়ে আওয়ামী লীগের পক্ষে মিছিল করানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী সাদ্দাম মুন্সি ওরফে সোহেল রানা সকালে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে শিঙাড়া-সমুচা খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে যান। পরে তিনি শিশুদের হাতের মুঠোয় রাজনৈতিক স্লোগান দেওয়ান এবং দলটির পক্ষে বিভিন্ন স্লোগান তোলান। পুরো বিষয়টি মোবাইল ফোনে ধারণ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে মুহূর্তেই তা ভাইরাল হয়।

ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা সুলতানা জানান, "বিদ্যালয়ের পাঠদান শুরুর আগে সাদ্দাম হোসেন নামে ওই ব্যক্তি শিঙাড়া-সমুচার লোভ দেখিয়ে শিক্ষার্থীদের মাজারগেট এলাকায় নিয়ে যান। সেখানে তাদের দিয়ে রাজনৈতিক স্লোগান দেওয়ানো হয়। খবর পেয়েই দ্রুত দপ্তরিকে পাঠিয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনহাজ উদ্দিন। তিনি বলেন, "কোমলমতি শিশুদের রাজনৈতিক কাজে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের আইনের আওতায় আনতে প্রক্রিয়া চলছে।"

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, "সম্প্রতি ইউসুফপুর এলাকায় এক রাজনৈতিক কর্মসূচিতেও অভিযুক্ত সাদ্দাম মুন্সির অংশগ্রহণের প্রমাণ রয়েছে। কোমলমতি শিশুদের ব্যবহার করে মিছিল করানোর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।"

মন্তব্য করুন