প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ডের সুযোগ দেওয়ায় দেশটির সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভারত একদিকে শেখ হাসিনার বক্তব্য সমর্থন না করার কথা বলছে, অন্যদিকে তাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দিচ্ছে—এটি পরস্পরবিরোধী অবস্থান।
শনিবার (৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ভারতের সঙ্গে প্রতিবেশীসুলভ ও ভালো সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান, সমতা ও বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে।
তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই। কিন্তু বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা অক্ষুণ্ন রেখেই সেই সম্পর্ক বজায় রাখতে হবে। আমরা কখনো আওয়ামী লীগের মতো সম্পর্ক চাই না।’
শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যদি তার বক্তব্যকে সমর্থন না করে, তাহলে তাকে বারবার বৈঠক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হচ্ছে কেন। একদিকে ‘হাসিনা কার্ড’ ব্যবহার করা, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাওয়া—দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, তার মধ্যে কোনো অনুশোচনা বা দুঃখ প্রকাশের লক্ষণ নেই। ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, শেখ হাসিনা এখন প্রকাশ্যে বাংলাদেশে নেই, বরং ভারত থেকেই বক্তব্য দিচ্ছেন। এ অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশে অস্থিরতা তৈরির সুযোগ দেওয়া উচিত নয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বাংলাদেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ। তবে কোনো দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে গিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থ, স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে আপস করা হবে না।
মন্তব্য করুন