প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৩৩ এ এম
অনলাইন সংস্করণ
দিনাজপুরে থানায় দায়িত্ব পালনকালে এক সিআইডি কর্মকর্তাকে গালিগালাজ, থাপ্পড় ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মজিবর রহমান মজিবকে (৫৬) আটক করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান। মামলায় মজিবর রহমান ছাড়াও অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ এবং মামলার আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে কোতোয়ালি থানায় যান সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান। রাত ৯টা ৩৮ মিনিটের দিকে তিনি থানার ওসি কক্ষের সামনে গেলে এক ব্যক্তি তার কাছে ওসি কোথায় আছেন জানতে চান।
এ সময় নওয়াবুর রহমান নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে জানান, একটি মামলার তদন্তের কাজে তিনি থানায় এসেছেন এবং ওসি কোথায় রয়েছেন, তা তিনি জানেন না।
এজাহারে অভিযোগ করা হয়, এ কথা শুনে ওই ব্যক্তি নওয়াবুর রহমানের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন। এর প্রতিবাদ করলে সঙ্গে থাকা আরও দুজনের প্ররোচনায় মজিবর রহমান তাকে ডান গালে সজোরে থাপ্পড় মারেন।
ঘটনার সময় থানার ডিউটি অফিসারের কক্ষে থাকা এসআই মো. মানিক রানা, এসআই মো. মমিনুর রহমান ও কনস্টেবল মো. রফিকুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারা নওয়াবুর রহমানের পরিচয় নিশ্চিত করার পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এ সময় নওয়াবুর রহমান ও তার পরিবারের সদস্যদের উদ্দেশ করে অশালীন ও মানহানিকর কথাবার্তা বলা হয় এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমানকে থানা হেফাজতে রাখার নির্দেশ দেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম-পরিচয় জানান। তবে তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান বলেন, ঘটনার পর তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে চিকিৎসা নেওয়া এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে মামলা করতে কিছুটা সময় লেগেছে। মামলার সঙ্গে চিকিৎসাপত্রের মূল কপি ও ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত একটি পেনড্রাইভ জমা দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, থানায় দায়িত্ব পালনকালে সিআইডির এক পুলিশ পরিদর্শকের সঙ্গে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযুক্ত মজিবর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অপর দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন