প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৮:৩৩ এ এম

অনলাইন সংস্করণ

আজ প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল, দেখবেন যেভাবে

ছবি : সংগৃহীত

 

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফল প্রকাশের পর সকাল ১০টা থেকেই দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইলের এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এদের মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। এদের মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।

সারা দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

অনলাইনে যেভাবে ফল দেখবেন

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে।

প্রতিষ্ঠানের ফলাফল ডাউনলোড করতে ওয়েবসাইটের ‘রেজাল্ট’ অপশনে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করতে হবে। পরে অনলাইনে পাওয়া ফলাফল ডাউনলোড করে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকাশ করা যাবে।

এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে। অনলাইনে ফল জানতে শিক্ষার্থীরা eduboardresults.gov.bd, educationboardresults.gov.bd অথবা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে।

এসএমএসে ফলাফল জানার নিয়ম

মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এসএসসি পরীক্ষার ফল জানতে লিখতে হবে:

SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬

এরপর বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল ১২৩৪৫৬ হলে এসএমএসটি হবে: SSC DHA 123456 2026

ফল পুনর্নিরীক্ষণের সুযোগ

প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এই আবেদন গ্রহণ করা হবে।

পুনর্নিরীক্ষণ বা ফল চ্যালেঞ্জের বিস্তারিত নিয়ম সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

তবে ফলাফল সংগ্রহের জন্য কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংবাদপত্রের কার্যালয়ে সরাসরি যাওয়ার প্রয়োজন নেই। নির্ধারিত ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমেই ফলাফল পাওয়া যাবে।

মন্তব্য করুন