প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:৩২ পিএম

অনলাইন সংস্করণ

ইউএনও সাজ্জাদ হোসেনের কুশাডাঙ্গা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

আব্দুর রশীদ চৌগাছা প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাজ্জাদ হোসেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করেন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

পরিদর্শনের সময় ইউএনও বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত অবস্থা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতেও বিদ্যালয়ের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রসার, তাদের দক্ষতা উন্নয়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ইউএনও বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং একটি মানবিক কর্তব্য। তাদের মেধা ও সম্ভাবনার যথাযথ বিকাশ ঘটাতে সরকারি ও বেসরকারি সকল মহলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বিদ্যালয়টির বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় বিষয়সমূহ পর্যালোচনা করে তিনি জানান, বিদ্যালয়ের সার্বিক প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে, যাতে প্রতিষ্ঠানটির সরকারি স্বীকৃতি ও সরকারি করণের বিষয়টি দ্রুত বিবেচনার সুযোগ সৃষ্টি হয়।

প্রধান শিক্ষক শাহিন আলম, সভাপতি আহমদ আলী, বিশিষ্ট সাংবাদিক জনাব জামশেদ আলম বকুল, ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য জনাব শামীম হোসেন, মাসুদ পারভেজ প্রমুখ সহ  স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল ইউএনওর এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।
তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের সদিচ্ছা ও সহযোগিতার মাধ্যমে কুশাডাঙ্গা প্রতিবন্ধী বিদ্যালয় একদিন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

পরিদর্শন শেষে ইউএনও বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করেন।কুশাডাঙ্গা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন শেষে ইউএনও শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ ও উপস্থিত শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্তব্য করুন