প্রকাশিত: ৫৫ মিনিট আগে, ১২:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান

হত শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

 

গাইবান্ধার সাঘাটায় ছুরিকাঘাতে নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সাঘাটা উপজেলার বোনারপাড়া সরকারি কবরস্থানে যান ডা. শফিকুর রহমান। সেখানে নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর বাবা হাবিবুর রহমান এবং জামায়াত কর্মী সালাউদ্দিনের বাবা শামসুল হুদা দুদুকে আবেগে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

পরে নিহতদের কবরের পাশে দাঁড়িয়ে বিশেষ মোনাজাত করেন জামায়াতে ইসলামীর আমির। মোনাজাত শেষে তিনি নিহত দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

এরপর ডা. শফিকুর রহমান নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের পরিবারের বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

পরে সাঘাটার বোনারপাড়া সরকারি কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যার প্রতিবাদ’ শীর্ষক জনসভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির।

কবর জিয়ারত ও প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিমসহ স্থানীয় নেতারা।

উল্লেখ্য, গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছুরিকাঘাতে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিন নিহত হন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী ও সংশ্লিষ্ট সংগঠনগুলো।

মন্তব্য করুন