প্রকাশিত: ৫৫ মিনিট আগে, ১২:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

কারামুক্ত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করতে গিয়ে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

ছবি : সংগৃহীত

 

 

নোয়াখালীর সদর উপজেলায় জামিনে কারামুক্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করতে গিয়ে দলটির চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী জেলা কারাগারের প্রধান ফটকের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা উদ্ধার করা হয়েছে। তারা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ এবং ছবি তুলে শোডাউনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের দাবি।

আটক ব্যক্তিরা হলেন—সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের ছেরাজল হক চৌধুরী (৬৩), মেহেদী হাসান হৃদয় (২০), মো. ফারুক হোসেন (১৮) ও মো. নাজিম (১৮)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক চারজনই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন জুমার নামাজের পর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

রোববার গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন জামিনে মুক্তি পান। তাদের মুক্তির খবর পেয়ে কয়েকজন নেতাকর্মী ফুলের মালা নিয়ে জেলা কারাগারের প্রধান ফটকের সামনে জড়ো হন। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, কারামুক্ত ব্যক্তিদের স্বজনেরা ফুলের মালা নিয়ে আসতে পারেন। তবে আটক ব্যক্তিরা এক ব্যাগ ফুলের মালা নিয়ে এসেছিলেন এবং তারা কারামুক্ত ব্যক্তিদের স্বজন নন। পুলিশের কাছে তথ্য ছিল, বিভিন্ন এলাকা থেকে লোকজন সংগঠিত হয়ে এসে ছবি তুলে শোডাউন করার প্রস্তুতি নিচ্ছিল।

ওসি আরও বলেন, এ ঘটনায় নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন