প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৯:৪৩ এ এম

অনলাইন সংস্করণ

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

ছবি : সংগৃহীত

 

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। শিক্ষার্থীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা লিখিত আবেদন গ্রহণ করা হবে না।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গত ৮ আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানায়, ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বাংলা ও ইংরেজির মতো দুই পত্রের বিষয়গুলোর ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে।

একবার আবেদন ও ফি পরিশোধ করার পর কেউ চাইলে অতিরিক্ত বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণের জন্য নতুন করে আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে নতুন মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

আবেদনের সময় ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাদ দেওয়ার সুযোগ রয়েছে। কোনো বিষয় ভুল করে নির্বাচন করা হলে ‘মুছে ফেলুন’ অপশনের মাধ্যমে সেটি সরিয়ে নতুন বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি পরিশোধ হয়ে গেলে বিষয় পরিবর্তন বা বাতিলের সুযোগ থাকবে না। জমা দেওয়া ফিও ফেরত দেওয়া হবে না।

যেভাবে করবেন আবেদন

পুনর্নিরীক্ষণের আবেদন করতে প্রথমে এসএসসি ফল পুনর্নিরীক্ষণ আবেদন পোর্টাল-এ প্রবেশ করতে হবে। এরপর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ করতে হবে।

এরপর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। সেখান থেকে যে বিষয় বা বিষয়গুলোর খাতা পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে। সেখানে মোট ফি দেখানো হবে।

বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। পেমেন্টের নিয়ম জানতে আবেদন পোর্টালের ‘হেল্প’ অপশন ব্যবহার করা যাবে।

ফি পরিশোধের পর পুনরায় আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এরপরই পুনর্নিরীক্ষণের আবেদন সম্পন্ন হবে।

এদিকে সোমবার সকাল ১০টায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

মন্তব্য করুন