প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:৩০ পিএম

অনলাইন সংস্করণ

মাগুরা জেলা জামায়াতের আমিরকে অব্যাহতি, রুকনিয়াত মূলতবি

 

মাগুরা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এম বি বাকেরকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার রুকনিয়াত মূলতবি করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত চলমান থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জামায়াতের একাধিক সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবং পরবর্তী সময়ে অধ্যাপক এম বি বাকেরের বিরুদ্ধে সংগঠনের অভ্যন্তরে বৈষম্যমূলক আচরণ, সাংগঠনিক অনিয়ম, আর্থিক অস্বচ্ছতা, অর্থ তসরুফ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। এসব অভিযোগ উল্লেখ করে কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতাদের কাছে একাধিক লিখিত আবেদন জমা দেন স্থানীয় নেতাকর্মীরা।

অভিযোগে বলা হয়েছে, একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে জেলা সংগঠন পরিচালনা, নির্বাচনি তহবিলের অর্থ ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন, সালিশ ও চাকরি বাণিজ্য, জমি ক্রয়-বিক্রয়ে আর্থিক অনিয়ম এবং স্থানীয় নেতৃত্ব নির্বাচনে দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে ব্যক্তিপছন্দকে প্রাধান্য দেওয়ার মতো কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন।

এ ছাড়া সঞ্চয়পত্রে অর্থ বিনিয়োগসহ সুদভিত্তিক আর্থিক কার্যক্রমে সম্পৃক্ততা এবং মতবিরোধের কারণে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অভিযোগও তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।

এর আগে ২০২৫ সালের জুলাই মাসে একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের জামিনের তদবিরে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে অধ্যাপক এম বি বাকেরকে জেলা আমিরের পদ থেকে অপসারণ করা হয়েছিল। পরে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে পুনর্বহাল করা হয়।

অভিযোগগুলোর বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অধ্যাপক এম বি বাকের বলেন, তাকে জেলা আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার রুকনিয়াত মূলতবি করা হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, অভিযোগগুলোর বিষয়ে কেন্দ্রীয়ভাবে তদন্ত কার্যক্রম চলছে। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন