প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ০৮:৩৮ এ এম
অনলাইন সংস্করণ
যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হবে। এ তালিকায় স্থান পেয়েছে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হলে চিকিৎসাসেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে দীর্ঘদিনের শয্যা সংকট কমবে এবং রোগীদের ভোগান্তিও অনেকাংশে লাঘব হবে।
স্থানীয় সচেতন মহল সরকারের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, সরকারি হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের এ কার্যক্রম উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট এবং শয্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরেছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। স্থানীয়দের দাবি, তাঁর ধারাবাহিক প্রচেষ্টার ফলেই হাসপাতালটিকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়েছে।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে চিকিৎসার জন্য জেলার বাইরে বা অন্য হাসপাতালে যাওয়ার প্রয়োজন কমবে। একই সঙ্গে মনিরামপুর উপজেলাতেই আরও আধুনিক, উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।
মন্তব্য করুন