প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ০৩:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে যুবক নিহত

 

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ভারতের প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে।

নিহত সালেহ আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার-সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সালেহ আহমেদ তার আরও দুই সহযোগীকে নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা মেঘালয়ের চংকেট ও মারকান এলাকার মধ্যবর্তী একটি সুপারি বাগানে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় খাসিয়া লোকজন তাদের সুপারি চোর সন্দেহে ছররা বন্দুক দিয়ে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সালেহ আহমেদ।

নিহতের সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের মো. সুমন মিয়া (২৫) ও কারবালার টুক গ্রামের মো. মাসুম আহম্মদ (২০) মরদেহটি বাংলাদেশে নিয়ে আসেন।

এর আগে গত ১ এপ্রিল একই উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আরও এক বাংলাদেশি যুবক গুলিতে নিহত হন। তবে তার মরদেহ এখনও ফেরত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলেও বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে কোনো তথ্য পায়নি।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।

মন্তব্য করুন