প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৯:৪৫ এ এম
অনলাইন সংস্করণ
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ৬০ দিনের একটি অন্তর্বর্তীকালীন ট্রানজিট ব্যবস্থা চালু করেছে ইরান। নতুন এই ব্যবস্থার আওতায় প্রণালি অতিক্রম করতে আগ্রহী জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটির কাছে আনুষ্ঠানিক আবেদন করতে হবে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবালয় বৃহস্পতিবার (১৮ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সদ্য স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর আওতায় প্রথম ৬০ দিন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে কোনো ধরনের শুল্ক বা ফি আদায় করা হবে না। এ সময়ের যাবতীয় পরিচালন ব্যয় ইরান সরকার বহন করবে।
নৌপথের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে জাহাজগুলোকে কর্তৃপক্ষ নির্ধারিত রুট, সময়সূচি এবং অন্যান্য পরিচালনাগত নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষ করে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে এসব নির্দেশনা কার্যকর করা হবে।
ইরানের দাবি, হরমুজ প্রণালি দিয়ে ধাপে ধাপে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক ও বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি ট্রানজিট রুটের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্রের মাইন অপসারণসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত ও অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশ করবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সমঝোতা স্মারকের লক্ষ্য বাস্তবায়নে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটিকে সব আবেদন দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
হরমুজ প্রণালির ট্রানজিট ব্যবস্থাপনা, জাহাজ চলাচলের নির্দিষ্ট রুট এবং অন্যান্য প্রযুক্তিগত প্রক্রিয়া খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইরান।
মন্তব্য করুন