প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:২৭ এ এম
অনলাইন সংস্করণ
ঢাকা, ১৭ জুন ২০২৬: রাজধানীর শেওড়াপাড়ায় স্থানীয় নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন সরকারের প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের কঠোর সমালোচনা করেন।
বুধবার বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জোবায়ের হোসাইন রাজন ও তৌহিদুল ইসলাম রিয়াজসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, প্রস্তাবিত বাজেটে নিম্ন আয়ের মানুষ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য কার্যকর কোনো দিকনির্দেশনা বা ইতিবাচক উদ্যোগ নেই। বরং যারা ঋণখেলাপি ও অবৈধ অর্থের মালিক হয়েছেন, তাদের জন্য কালো টাকা বৈধ করার সুযোগ রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তার দাবি, নামমাত্র কর দিয়ে কালো টাকার মালিকদের জমি ও ফ্ল্যাট কেনার সুযোগ সৃষ্টি করে দুর্নীতি ও লুটপাটকে উৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকনির্ভর বাজেটের সমালোচনা করে তিনি বলেন, ব্যাংক খাত দুর্বল হয়ে পড়লে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে।
সরকারকে প্রস্তাবিত বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাস্তবমুখী ও গণমুখী বাজেট প্রণয়ন করা না হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।
বক্তব্যে সেলিম উদ্দিন আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে এবং প্রস্তাবিত বাজেটের মাধ্যমে দুর্নীতি ও অর্থ লুটপাটের সুযোগ বাড়ানো হয়েছে। বিরোধী রাজনৈতিক দল হিসেবে সরকারের নীতির সমালোচনা করাকে তারা জাতীয় দায়িত্ব বলে মনে করেন বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামীর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, দলটি সারা বছর সাধারণ মানুষের কল্যাণে কাজ করে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় নারীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন