প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০১:০৩ পিএম

অনলাইন সংস্করণ

নড়াইলে চিত্রা সেতুর প্রবেশমুখে দুর্ঘটনায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

ছবি: আল শাহরিয়া আমিন

আল শাহরিয়া আমিন,  নড়াইল প্রতিনিধি:

নড়াইল শহরের চিত্রা সেতুর প্রবেশমুখে উচ্চতা নিয়ন্ত্রণের লোহার বার (হাইট ব্যারিয়ার)-এ ধাক্কা লেগে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে মনির কাজী (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিলন খান নামে অপর এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল শহরের প্রবেশমুখে চিত্রা নদীর ওপর নির্মিত চিত্রা সেতুর প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির কাজী লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের রুকন কাজীর ছেলে। আহত মিলন খান একই উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের রাজ্জাক খানের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মনির কাজী নিজ বাড়ি থেকে নসিমনের ওপর দাঁড়িয়ে যশোরের ভাংগুড়া গরুর হাটে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে নসিমনটি নড়াইলের সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে ওঠার সময় বড় যানবাহন নিয়ন্ত্রণের জন্য স্থাপিত উচ্চতা নিয়ন্ত্রণের লোহার বারে তাঁর মাথায় আঘাত লাগে। এতে তিনি ও তাঁর সঙ্গে থাকা মিলন খান চলন্ত নসিমন থেকে ছিটকে সড়কে পড়ে যান।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনির কাজীকে মৃত ঘোষণা করেন। আহত মিলন খান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
 

মন্তব্য করুন