প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০১:১৭ পিএম

অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ছাত্রদলের একক অধিকার

ছবি: রিপন আহমেদ

রিপন আহমেদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ছাত্রদলের একক অধিকার বলে মন্তব্য করেছেন মৌলভীবাজারের কুলাউড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আতিক। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের জন্য লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার আবার কিসের। 

তিনি এ কার্যক্রমে ছাত্রদলের নেতাকর্মীদের সম্পৃক্ত করার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

সম্প্রতি দেওয়া ওই পোস্টে আতিকুর রহমান আতিক বলেন, প্রান্তিক ও অস্বচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রদান বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ছিল। নির্বাচনের সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বিষয়ে প্রচারণা চালিয়ে জনগণের সমর্থন আদায়ে ভূমিকা রেখেছেন। তাই ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের হাতে থাকা স্বাভাবিক বলে তিনি মন্তব্য করেন।

তিনি দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হলে সরকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে বিতর্ক সৃষ্টির আশঙ্কা কমবে। অন্যদিকে, লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের মাধ্যমে লোক নিয়োগ করা হলে বিরোধী মতের ব্যক্তিরা সুযোগ নিতে পারেন এবং ভুল তথ্য প্রদান বা অপপ্রচারের মাধ্যমে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারেন।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, একটি গোষ্ঠী ফ্যামিলি কার্ড কর্মসূচিকে নিজেদের রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে, যা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তাদের ভোটব্যাংক বৃদ্ধিতে সহায়ক হতে পারে। এ কারণে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহের দায়িত্ব ছাত্রদলের জনশক্তির ওপর ন্যস্ত করার আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে আতিকুর রহমান আতিক লিখেছেন, “ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের আবেদনের পর কিসের লিখিত পরীক্ষা? এসব বন্ধ করে ছাত্রদলের হাতে তথ্য সংগ্রহের দায়িত্ব দিতে হবে। এটা ছাত্রদলের একক অধিকার।”

উল্লেখ্য, এ বক্তব্য ও দাবিগুলো আতিকুর রহমান আতিকের ব্যক্তিগত ফেসবুক পোস্টে প্রকাশিত মতামত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
 

মন্তব্য করুন