প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৩৫ এ এম

অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্যসহ ১৩ জন গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠনের ছয় সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

 

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় সদস্যসহ বিভিন্ন মামলার মোট ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত থেকে শুক্রবার (৩১ জুলাই) পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানের উদ্দেশ্য ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের আটক করা এবং বিভিন্ন মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনা।

বৃহস্পতিবার রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সংগঠক উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সদস্য তাজুল ইসলাম জিতু, যুবলীগের সদস্য মেজবাহ উদ্দিন এবং আওয়ামী লীগের কর্মী মো. টিপন, আব্দুর রব ও মনির হোসেনকে আটক করা হয়।

এছাড়া রাত সাড়ে ৩টার দিকে মদনপুর এলাকা থেকে আল আমিন ওরফে সাগর এবং ভোর পৌনে ৬টার দিকে নয়ামাটি এলাকা থেকে ওয়াদুত মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফরাজীকান্দা মোড় এলাকায় পৃথক অভিযানে মো. মেহেদী হাসান ইমুন, মো. সাকিব, আনোয়ার হোসেন, ফয়সাল ও ফারুক নামে আরও পাঁচজনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন