প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০২:২২ পিএম

অনলাইন সংস্করণ

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ট্রাইব্যুনালে হাজির

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। ছবি : সংগৃহীত

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাকে ট্রাইব্যুনাল-২-এ উপস্থাপন করা হয়।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হয়।

এর আগে, গত ২৭ জুলাই একই মামলায় প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং পরবর্তী শুনানির জন্য ১৬ আগস্ট দিন নির্ধারণ করে।

বর্তমানে এ মামলায় একাধিক আসামি গ্রেপ্তার রয়েছেন। মামলায় ২০১৩ সালের ৫ ও ৬ মে শাপলা চত্বর, সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন, রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের দাবি, এসব ঘটনায় বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন