প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ১১:০২ এ এম
অনলাইন সংস্করণ
আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে দাবানল মোকাবিলার প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্য, পুলিশ কর্মকর্তা এবং সিভিল প্রটেকশন বিভাগের কর্মীরা রয়েছেন।
স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বেল–৪১২ মডেলের হেলিকপ্টারটি পার্শ্ববর্তী অঞ্চলে দাবানল নেভানোর অভিযানে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল। বুধবার সকালে ইশ্চিগুয়াল্যাস্তো ন্যাশনাল পার্ক এলাকায় উড্ডয়নের কিছুক্ষণ পর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সান হুয়ান প্রদেশের গভর্নর মার্সেলো ওরেগো এবং আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রা মন্তেওলিভা। নিহতদের স্মরণে প্রাদেশিক সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।
মন্তব্য করুন