প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ১২:২৩ পিএম

অনলাইন সংস্করণ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

 

কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলার উদ্যোগের অংশ হিসেবে তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে প্রবেশের সময় তিনি তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন এবং নতুন কর্মজীবনের জন্য শুভকামনা জানান।

নিয়োগপ্রাপ্তরা হলেন—গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।

জন্ম থেকেই দুই হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে আয়শা আক্তারও পা দিয়ে লেখালেখি করে স্নাতকোত্তর শেষ করেছেন। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর দৃষ্টিপ্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তিনজনই আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষায়, এটি শুধু একটি চাকরি নয়, বরং নতুন স্বপ্ন ও আত্মবিশ্বাসের সূচনা।

এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান বাড়াতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

মন্তব্য করুন