প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ১০:০০ এ এম
অনলাইন সংস্করণ
হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৯ জুলাই) রাতে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে মিছিলটি শুরু হয়।
মশাল মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম, আমিনুল ইহসান আবিদ সৌরভ, আহাদ ও আরাফাত হোসেন শাকিলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জে দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনা রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান তারা।
কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাবেশ শেষ হলে তারা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।
মন্তব্য করুন