প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ১১:৫৯ এ এম

অনলাইন সংস্করণ

হবিগঞ্জে হামলার ঘটনায় ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

মঙ্গলবার এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

 

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাতে হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহির রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জানা গেছে, রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেন। পরে পুলিশ সুপার তারেক মাহমুদের নির্দেশে বাহুবল থানা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে।

এর আগে দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে ১৪৪ ধারা জারির মধ্যেই গাড়িবহর নিয়ে হবিগঞ্জের উদ্দেশে রওনা দেন নাহিদ ইসলাম। বিকেলে শায়েস্তাগঞ্জ–শ্রীমঙ্গল সড়কের ‘চা-কন্যা’ ভাস্কর্য এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বহরের গতিরোধ করে। এ সময় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পুলিশের কথাকাটাকাটি ও একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

পরবর্তীতে নেতাকর্মীরা পুলিশের বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যান। তবে বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ড এলাকায় আবারও পুলিশ তাদের আটকে দেয়। পরে আলোচনা শেষে এনসিপির প্রতিনিধি দলকে কামাইছড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়। অভিযোগ গ্রহণের পর সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

মন্তব্য করুন