প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ
বাগেরহাট: অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা না প্রকাশ করা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা অন্যায় ও জঘন্য অপরাধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, "আওয়ামী লীগ এখনও অতীতের ঘটনাগুলোর জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ বা অনুশোচনা করেনি। কেবল রাজনৈতিক সমীকরণ মেলানো বা দল ভারী করার জন্য তাদের রাজনীতিতে ফিরিয়ে আনা হবে চরম অন্যায়।"
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জামায়াত আমীর বলেন, "আমরা মনে করি না এখনই তাদের রাজনীতিতে ফেরা উচিত। এই দেশের রাজনীতিকে তারাই ধ্বংস করেছে এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মানুষের গুম-খুন ও পঙ্গুত্বের পেছনে তারা দায়ী। গুম হওয়া অনেকে আজও ফেরেনি। এমন পরিস্থিতিতে পুরো এক প্রজন্মের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটি দল কী করে রাজনীতিতে ফেরে?"
সংসদে বিরোধী দলের ভূমিকা এবং বর্তমান রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, জামায়াত একটি সভ্য ও মর্যাদাপূর্ণ সংসদ দেখতে চায়। অতীতে সংসদে ফাইল ছোড়াছুড়ি বা অশালীন আচরণের যে কালচার ছিল, জামায়াত তার পুনরাবৃত্তি চায় না। সরকারের গঠনমূলক কাজের সহযোগিতা এবং ভুল সিদ্ধান্তে কার্যকর বিরোধিতার নীতি বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
জুলাই সনদের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, "দেশের ৭০ শতাংশ মানুষের রায়কে অবশ্যই সম্মান জানাতে হবে। কোনো অবস্থাতেই জনগণের রায়কে অপমান করতে দেওয়া হবে না।"
বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত রোকন সম্মেলনে যোগ দেন। পরে ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় শেষে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার।
মন্তব্য করুন