প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬, ১২:২৪ পিএম

অনলাইন সংস্করণ

নাটোরে ফিলিং স্টেশনে গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

 

নাটোর শহরের একটি ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধকে কেন্দ্র করে গ্রাহকদের ওপর হামলার অভিযোগ উঠেছে পাম্পকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত দুইজন গ্রাহক আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে শহরের রহিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নির্ধারিত নিয়ম অনুযায়ী ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ শুরু হয়। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক গ্রাহক তেল পাননি। বিকেলে হঠাৎ তেল সরবরাহ বন্ধের ঘোষণা দেওয়া হলে অপেক্ষমাণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে বিক্ষুব্ধ গ্রাহকরা পাম্পসংলগ্ন ঢাকা–রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তেল সরবরাহ পুনরায় চালুর আশ্বাস দিলে গ্রাহকরা অবরোধ তুলে নেন। তবে অবরোধ প্রত্যাহারের পর পাম্প কর্তৃপক্ষ পুনরায় তেল সরবরাহে অস্বীকৃতি জানালে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পাম্পকর্মীরা স্থানীয় কিছু লোকজনকে সঙ্গে নিয়ে গ্রাহকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দুইজন গ্রাহক আহত হন।

এ বিষয়ে রহিম ফিলিং স্টেশনের মালিকের ছেলে ও পরিচালক সাকিব বলেন, “অনেকেই ফুয়েল কার্ড ছাড়া তেল নেওয়ার চেষ্টা করেন। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কিছু বাইকার তেল নিতে চাপ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে এক বাইকার এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে হাতাহাতির ঘটনা ঘটে।”

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, “নির্ধারিত সময়ের পর তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্পে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

মন্তব্য করুন