প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ
কেশবপুরে কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ উদ্বোধন
আলী হামজা
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
সকাল ১১টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও রেকসোনা খাতুন বলেন, “কৃষিই আমাদের অর্থনীতির মূল ভিত্তি। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধি করা সম্ভব। কেশবপুরের কৃষকদের প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকের জীবনমান উন্নত হবে। তারা কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহী হওয়ার আহ্বান জানান।
মেলায় বিভিন্ন স্টলে উন্নত জাতের ধান ও পাটের বীজ, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য তাজাম্মুল ইসলাম দিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, এনপিএস সভাপতি শামীম আক্তার মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। তিনি নিয়মিতভাবে উন্নত বীজ ও কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ মেলা আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই আয়োজন স্থানীয় কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন