প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:২৮ পিএম

অনলাইন সংস্করণ

করতোয়া নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

 


রাকিবুল ইসলাম শান্ত:দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর রাজু ইসলাম (১০) ও লাম্মিম হোসেন (১৩) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার চেংঠীহাজরা ডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেল ৩টার দিকে রাজুর এবং সাড়ে ৪টার দিকে লাম্মিমের মরদেহ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়।

নিহত রাজু ইসলাম ওই এলাকার রাশেদ হকের ছেলে এবং লাম্মিম হোসেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাজিতপুর এলাকার হাসিনুর রহমানের ছেলে। পারিবারিক সম্পর্কের কারণে লাম্মিম ছোটবেলা থেকেই মামার বাড়িতে থাকত এবং তারা একসঙ্গে বড় হয়েছে।

জানা গেছে, রাজু ইসলাম স্থানীয় ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং লাম্মিম হোসেন ফুলতলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগে তারা করতোয়া নদীতে গোসল করতে নামে। রাজু সাঁতার না জানায় সে পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধার করতে গিয়ে লাম্মিমও নদীর গভীরে তলিয়ে যায়।

দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর পাড়ে তাদের জুতা দেখতে পেয়ে স্থানীয়রা অনুসন্ধান শুরু করে। বিকেল ৩টার দিকে রাজুর মরদেহ উদ্ধার করা হলেও পরে লাম্মিমের মরদেহও উদ্ধার করা হয়।

দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. মাইনুদ্দিন জানান, স্থানীয়দের সহযোগিতায় প্রথমে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং পরে অন্যজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


 

মন্তব্য করুন