প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:০৬ পিএম

অনলাইন সংস্করণ

হবিগঞ্জে স্বাস্থ্যকেন্দ্র সংস্কারের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নে অবস্থিত স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কার ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে এবং রাণীগাঁওয়ের প্রবাসীদের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি পরিচালনা করেন জহির রায়হান।

রাণীগাঁও ইউনিয়নে বাগান ও সমতল মিলিয়ে ৯টি ওয়ার্ডে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস হলেও তাদের জন্য রয়েছে মাত্র একটি স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্র। প্রায় ২৫ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা এই কেন্দ্রটি কোনো সংস্কার ছাড়াই নামমাত্র চালু রয়েছে।

নিয়মানুযায়ী কেন্দ্রটিতে মেডিকেল অফিসার (ফ্যামিলি ওয়েলফেয়ার), সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরসহ একাধিক জনবল থাকার কথা থাকলেও বাস্তবে দীর্ঘদিন ধরে মাত্র একজন ভিজিটর দিয়েই কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

তবে গত ১৪ এপ্রিল থেকে ওই ভিজিটর মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় কেন্দ্রটির কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে স্থানীয় জনগণ মারাত্মক স্বাস্থ্যসেবা সংকটে পড়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই কেন্দ্রে মেডিকেল অফিসার পদে বরাদ্দ থাকলেও দীর্ঘদিন ধরে কেউ দায়িত্ব পালন করছেন না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেন্দ্রটির ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকরা এখানে দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করছেন।

এদিকে, হাসপাতালের অধিকাংশ জায়গা স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকায় নতুন ভবন নির্মাণের জন্য পূর্বে দুইবার বরাদ্দ এলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে দিন দিন ভোগান্তি বাড়ছে স্থানীয়দের। সামান্য অসুস্থতাতেও রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে। বিশেষ করে গর্ভবতী নারী ও নবজাতকরা চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন।

এই পরিস্থিতির অবসান এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা দ্রুত নতুন ভবন নির্মাণ, পুরাতন ভবনের সংস্কার এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জোর দাবি জানান।

মন্তব্য করুন