প্রকাশিত: ১৮ ঘন্টা আগে, ১০:১৯ পিএম

অনলাইন সংস্করণ

আগামী পাঁচ বছর সবার প্রতিনিধি হয়ে কাজ করব: প্রতিমন্ত্রী ইশরাক

 

স্টাফ রিপোর্টার:

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কে কোন দল করে বা কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী—তা বিবেচনায় নেওয়া হবে না। নির্বাচন শেষ, এখন তিনি সবার প্রতিনিধি। আগামী পাঁচ বছর তিনি সকলের জন্য সমানভাবে কাজ করবেন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নববর্ষ উপলক্ষে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক বৈশাখী কনসার্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে কলেজ ছাত্রদল।

ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনের নির্বাচনে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা, দোয়া ও ভালোবাসা তিনি পেয়েছেন। এজন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, কলেজটির বেশ কিছু ভবন পুরোনো হয়ে গেছে এবং সংস্কারের প্রয়োজন রয়েছে। খুব শিগগিরই শিক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে কলেজটি পরিদর্শন করে ভবন পুনর্নির্মাণ ও আধুনিকায়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, একটি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। তাই শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও পুনর্গঠনে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার পরিবেশ নিশ্চিত করে মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ইশরাক হোসেন আরও জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সরকারি কবি নজরুল কলেজের চারজন শিক্ষার্থী শহীদ হয়েছেন। তাঁদের স্মরণে কলেজ গেটের সামনে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং শহীদদের নামফলক স্থাপন করা হবে।

এ ছাড়া কলেজের আবাসিক হলের বিভিন্ন সমস্যা সমাধান ও সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, এটি বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং ছাত্রনেতাদের দীর্ঘদিনের দাবি—যা বাস্তবায়নে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

মন্তব্য করুন