প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:২২ পিএম

অনলাইন সংস্করণ

কবি নজরুল কলেজে দুই সাংবাদিককে পিটিয়ে আহত করল ছাত্রদল

স্টাফ রিপোর্টার: 
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন অনলাইন নিউজ পোর্টাল ডেইলি ক্যাম্পাস-এর প্রতিনিধি ও কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক বিপ্লব শেখ এবং দৈনিক আমাদের সকাল-এর প্রতিনিধি ওবাইদুল হক।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দায়িত্ব পালনকালে হঠাৎ করে কয়েকজন যুবক তাঁদের ওপর হামলা চালান। এ সময় রড দিয়ে মাথা, হাত ও পায়ে আঘাত করা হয় এবং বেধড়ক মারধর করা হয়। হামলার একপর্যায়ে দুই সাংবাদিক গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কলেজ প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।  

মন্তব্য করুন