প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক ব্যক্তি ব্যতিক্রমী উপায়ে জুয়া ছাড়ার ঘোষণা দিয়ে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।
উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম দীর্ঘদিন জুয়ার আসক্তিতে সর্বস্বান্ত হওয়ার পর প্রকাশ্যে তা ত্যাগের অঙ্গীকার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মহীপুর সরকারি কলেজের সামনে প্রায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করে তিনি প্রতীকীভাবে জুয়া থেকে ফিরে আসার ঘোষণা দেন। এ সময় তিনি প্রকাশ্যে প্রতিজ্ঞা করেন, ভবিষ্যতে আর কখনও জুয়ার সঙ্গে জড়াবেন না।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অনলাইনসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে জড়িত থাকায় তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েন। এতে তার পারিবারিক ও সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব পড়ে।
ঘটনার সময় উপস্থিত স্থানীয় লোকজন তার এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখেন এবং তাকে সৎ পথে ফিরে আসার জন্য উৎসাহ দেন। অনেকে মনে করছেন, এমন ব্যতিক্রমী উদ্যোগ সমাজের অন্য জুয়া আসক্তদের মাঝেও সচেতনতা তৈরি করতে পারে।
স্থানীয়দের মতে, ব্যক্তিগত অনুতাপ থেকে নেওয়া এ ধরনের প্রকাশ্য প্রতিজ্ঞা অন্যদের জন্যও অনুকরণীয় হতে পারে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন