প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১২:১৬ পিএম

অনলাইন সংস্করণ

সরকারের উদ্যোগে জন্মহার বাড়ছে জাপানে

ছবি: সংগ্রীহিত

 

বাংলাদেশের মতো জনবহুল দেশগুলো যেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে মরিয়া, সেখানে সূর্যোদয়ের দেশ জাপানের পরিস্থিতি ঠিক উল্টো। সেখানে জনসংখ্যা ক্রমেই কমছে, আর এই সংকট কাটাতে জন্মহার বাড়াতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার। অবশেষে এক দশক পর সেই দুশ্চিন্তা কিছুটা কাটিয়ে টোকিও থেকে এলো স্বস্তির খবর—১০ বছর পর দেশটিতে জন্মহার বেড়েছে।

সংবাদমাধ্যম দ্য জাপান নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত জাপানের রাজধানী টোকিওতে ৭৭ হাজার ৩৭৫টি শিশুর জন্ম হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা প্রায় ০.৭ শতাংশ বেশি। ধারণা করা হচ্ছে, পুরো বছরের হিসাব করলে এই সংখ্যা ২০২৪ সালের মোট জন্মহারকে ছাড়িয়ে যাবে। এই সুখবরের জন্যই গত ১০ বছর ধরে অপেক্ষা করছিল জাপান সরকার।

এই খবর দেশবাসীকে জানাতে গত শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করেন টোকিওর গভর্নর ইউরিকো কোইকে। সেখানে তিনি আরও একটি ইতিবাচক দিক তুলে ধরেন—গত দুই বছরে জাপানে বিয়ের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গভর্নর কোইকের মতে, সরকারের নেওয়া বিশেষ কিছু পদক্ষেপই এই পরিবর্তনের মূল কারণ।

এখানেই শেষ নয়। যারা বিয়ে করতে চান কিংবা সন্তান নিতে আগ্রহী, তারা যেন কোনো দুশ্চিন্তা ছাড়াই সিদ্ধান্ত নিতে পারেন—সেজন্যও বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, “জাপান সরকার সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। আমরা পাশে আছি বলেই মানুষ এখন নতুন করে পরিবার গড়ার সাহস পাচ্ছে।”

এদিকে টোকিওতে বসবাসরত বিদেশি নাগরিকদের জন্মহারও সরকারি হিসাবের অন্তর্ভুক্ত করা হয়। এতে দেখা গেছে, সামগ্রিক চিত্র আরও উন্নত হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে প্রকাশিত প্রাথমিক তথ্যে দেখা যায়, বিদেশিদেরসহ টোকিওতে জন্মহার বেড়েছে ১.৩ শতাংশ, যা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।

দ্য জাপান নিউজ জানিয়েছে, ২০২৫ সালের চূড়ান্ত জন্মসংক্রান্ত তথ্য চলতি বছরের জুনের শুরুতে প্রকাশ করা হবে। তবে বর্তমান প্রবণতা দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, জাপানের জনসংখ্যা সংকট ধীরে ধীরে কাটতে শুরু করেছে।

মন্তব্য করুন