প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ১২:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

যুদ্ধবিধ্বস্ত গাজায় বাংলাদেশিদের অনুদানে মাদরাসা নির্মাণ


আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত গাজা-এ মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে একটি মাদরাসা নির্মাণ করা হয়েছে। মিশরের প্রখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় ও কায়রো বিশ্ববিদ্যালয়সহ দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সহযোগিতায় মানবিক সংস্থা ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ এই উদ্যোগ বাস্তবায়ন করে।
সংস্থাটি জানায়, সাদাকাহ জারিয়াহ প্রকল্পের আওতায় এবং BMA 73 L/C-এর অর্থায়নে ‘আল-ফুরকান তাহফিজ আন্তর্জাতিক মাদরাসা’ প্রতিষ্ঠা করা হয়েছে। এতে সব বয়সী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কুরআন হিফজ ও প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। শুরুতে প্রায় ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে আরও শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সংগঠনটির প্রতিনিধিরা জানান, চলমান সংঘাতে গাজার বহু মসজিদ ও মাদরাসা ধ্বংস হয়ে গেছে এবং অনেক ইমাম শহীদ হয়েছেন। ফলে বিভিন্ন এলাকায় ইমামের সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় গড়ে তোলা এবং নতুন ইমাম তৈরির লক্ষ্যে এই মাদরাসা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে গাজার সঙ্গে মিশরের সীমান্তপথে পর্যাপ্ত ত্রাণ প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে। চলমান হামলায় বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। এমন পরিস্থিতিতে সংস্থাটির স্বেচ্ছাসেবক দল সরেজমিন তথ্য সংগ্রহ করে সহায়তা কার্যক্রম জোরদার করে।
সংস্থাটি আরও জানায়, পবিত্র রমাদান মাসে তারা ইতোমধ্যে ৫ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ এবং প্রায় ১,৫০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে। ভবিষ্যতেও ফিলিস্তিনিদের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

মন্তব্য করুন