প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ১০:৫২ এ এম

অনলাইন সংস্করণ

মণিরামপুরে জ্বালানি তেল সংকট: পুলিশের সামনেই বাইকারদের বিশৃঙ্খলা, নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন

ছবি: সংগ্রীহিত

 

মণিরামপুর উপজেলা প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকটকে কেন্দ্র করে ফিলিং স্টেশনগুলোতে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। তেল সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষার পর ধৈর্য হারিয়ে অনেক বাইকার নিয়ম ভেঙে পাম্পের কাছে ভিড় করছেন, ফলে ভেঙে পড়ছে শৃঙ্খলা এবং বাড়ছে উত্তেজনা।

সরেজমিনে দেখা যায়, তেল নেওয়ার জন্য নির্ধারিত লাইনে অপেক্ষা না করে অনেকেই সামনে যাওয়ার চেষ্টা করছেন। এতে একদিকে যেমন লাইনের শৃঙ্খলা নষ্ট হচ্ছে, অন্যদিকে বাইকারদের মধ্যে নীরব দ্বন্দ্ব ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিজীবী ও জরুরি সেবায় নিয়োজিতদের জন্য পৃথক লাইন এবং সাধারণ জনগণের জন্য আলাদা লাইন থাকার কথা থাকলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং নিয়ম উপেক্ষা করে অনিয়ন্ত্রিতভাবে তেল সংগ্রহ করতে দেখা গেছে অনেককে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই বিশৃঙ্খলার সময় দায়িত্বে থাকা মণিরামপুর থানার এক উপপরিদর্শক (এসআই) ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে।

এ সময় এক বাইকার অতিরিক্ত পরিমাণ তেল নেওয়ার চেষ্টা করলে সাংবাদিকরা তা ধারণ করেন। পাম্প কর্তৃপক্ষ তেল দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি প্রদান করেন। অভিযোগ রয়েছে, এ ঘটনাও পুলিশের উপস্থিতিতেই ঘটে, তবে তারা নীরব ভূমিকা পালন করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন